হেমন্তের শুরুতে উত্তরে হালকা শীতের পরশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ রাত
  • ৪৬৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হেমন্তের শুরুতেই দেশের উত্তরাঞ্চলে রাত ও ভোরে হালকা শীতের অনুভূতি দেখা দিয়েছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। সোমবারও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে সোম ও মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবারও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, হেমন্তের শুরুতে দেশের উত্তরাঞ্চলে রাত ও ভোরের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে এই অনুভূতি আরও বাড়তে পারে। তবে এল নিনোর প্রভাবে এবারের শীত মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।


তিনি বলেন, এল নিনো সক্রিয় থাকায় এবার শীতকাল তুলনামূলক উষ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বছর শীতকালে যেখানে তাপমাত্রা ১১ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, এবার তা ১৪ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।


আবহাওয়াবিদদের মতে, বর্ষা-পরবর্তী সময়ে বৃষ্টিপাত কমে আসা এবং রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের আমেজ শুরু হয়েছে। তবে এখনই শীতের তীব্রতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় হয়নি। আগামী কয়েক দিনের তাপমাত্রা ও আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যবেক্ষণের পর শীতের পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad