সিরাজগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বাউল সাধক ও মরমি কবি ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমিতে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে শহরের সড়কে র‌্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


আলোচনা সভায় বক্তারা বলেন, ফকির লালন সাঁই বাঙালি সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও মানবতাবাদী দর্শনের অন্যতম প্রধান প্রতীক। তিনি ছিলেন একাধারে সাধক, দার্শনিক, মানবতাবাদী ও সমাজসংস্কারক। তাঁর গান ও দর্শনে মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা, আত্মঅন্বেষণ এবং মানুষের মর্যাদা বিশেষ গুরুত্ব পেয়েছে।


বক্তারা আরও বলেন, লালন সাঁই মানুষের মধ্যে ধর্ম, বর্ণ ও জাতিগত বিভেদকে গুরুত্ব দেননি। তাঁর দর্শনের কেন্দ্রে ছিল মানুষ। মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা ও আত্মশুদ্ধির মাধ্যমে সত্য ও মুক্তির সন্ধান করাই ছিল তাঁর দর্শনের অন্যতম দিক। তাঁর গান শুধু সংগীত নয়, বরং বাঙালির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।


আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন খ্যাতনামা সংগীতশিল্পী জুবায়ের জিকো, আজাদ রেহমান, লায়লা ফেরদৌস হিমেল, জেলা জাসাসের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ রানা, রাজকুমার, জাকিরুল ইসলাম, হারুন, হাফিজ, অনুরাধা, প্রিয়ন্তী, জয় প্রমুখ।


লালন সাঁইয়ের গান ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad