তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল, যোগ দিয়েই রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ দুপুর
  • ২২৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী ও সাবেক রাজ্যসভা সদস্য কোয়েল মল্লিক। দলবদলের দিনই রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) সকালে কলকাতার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন কোয়েল। এ সময় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী তার গলায় উত্তরীয় পরিয়ে দেন এবং হাতে দলের পতাকা তুলে দেন। অনুষ্ঠানে দলের গণমাধ্যম বিভাগের আহ্বায়ক অনুপম ঘোষ ও সহ-আহ্বায়ক চন্দ্রশেখর বাসোটিয়াও উপস্থিত ছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে কোয়েল বলেন, পশ্চিমবঙ্গে গত কয়েক মাস ধরে উন্নয়নের কাজ চলছে। তিনি সেই উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চান এবং রাজ্যে আরও উন্নয়নমূলক কাজ চান। রাজ্যসভা উপনির্বাচনে তাকে প্রার্থী করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি।

তবে দলবদলের পর সাবেক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি কোয়েল। তার ভাষ্য, প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে ভালো কাজ করার চেষ্টা করে। কাউকে ছোট না করে তিনি এমন একটি দলে যোগ দিতে চেয়েছেন, যারা গত কয়েক মাসে উন্নয়নের কাজ ভালোভাবে করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার দলবদল নিয়ে সমালোচনা প্রসঙ্গে কোয়েল বলেন, তিনি সবার জন্য কাজ করতে চান এবং সবার মঙ্গল কামনা করেন।

জুলাইয়ে তৃণমূলের রাজ্যসভা সদস্য পদ ছাড়েন

কোয়েলের বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল কয়েক মাস আগেই। গত ১৬ জুলাই তৃণমূলের রাজ্যসভা সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই বৈঠকের পরই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে কোয়েলকে প্রার্থী করেছিল তৃণমূল। একই সঙ্গে রাজ্য পুলিশের সাবেক মহাপরিচালক রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকেও প্রার্থী করা হয়।

মার্চে নির্বাচন শেষে ৬ এপ্রিল রাজ্যসভা সদস্য হিসেবে শপথ নেন কোয়েল। তবে এরপর কোনো সংসদীয় অধিবেশনে তাকে অংশ নিতে দেখা যায়নি। বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে ১৬ জুলাই তিনি সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

একই পথে আরও তিন তৃণমূল এমপি

কোয়েলের আগে তৃণমূলের রাজ্যসভা সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও দল ছাড়েন। গত ৯ জুলাই তারা তৃণমূলের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। দলবদলের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিজেপি।

কোয়েলের ক্ষেত্রেও দলবদলের দিনই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা এবং মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad