বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পেনের মাদ্রিদে ‘বাংলাদেশ: এ স্ট্র্যাটেজিক পার্টনার ইন দ্য গ্লোবাল ইকোনমি’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
ইউরোপের সঙ্গে ২৩.৩ বিলিয়ন ইউরোর বাণিজ্যসেমিনারে অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান ও গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, বাংলাদেশ টেকসই প্রবৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।
সবুজ বিনিয়োগে ১৭২ বিলিয়ন ডলারের সুযোগবাংলাদেশে সবুজ বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত গ্রিন বিল্ডিং, পরিবহন, ক্লাইমেট-স্মার্ট কৃষি, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বাংলাদেশে প্রায় ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগের সুযোগ রয়েছে।
এ সময় বাংলাদেশের অর্থনীতির জন্য রপ্তানি বহুমুখীকরণকে একই সঙ্গে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন তিনি।
বিনিয়োগে ইউরোপের ব্যবসায়ীদের আহ্বানসেমিনারে ইউরোপের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের বিনামূল্যে জমি দেওয়ার মতো বড় সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প থেকে সরকার নির্দিষ্ট মূল্যে বিদ্যুৎ কিনতে পারবে।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগের মাধ্যমে লাভের সুযোগ ও সম্ভাবনা অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।
নভেম্বরে স্পেনের ব্যবসায়ী প্রতিনিধি দল আসার পরিকল্পনামো. ফজলুল হক মাদ্রিদ চেম্বার অব কমার্সের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর পরিপ্রেক্ষিতে মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট জানান, আগামী নভেম্বর নাগাদ একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে।
সেমিনারে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্যানেল আলোচনায় বক্তব্য দেন ইউরোচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক পাবলো আরাউজো, মলিন্স-এর এশিয়া ও আফ্রিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তারেক এলবা এবং রিকভার-এর সাস্টেইনেবিলিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর আনা রোডেস।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরেন ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রোচি এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ীদের মধ্যে বিটুবি (বিজনেস-টু-বিজনেস) নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। এতে এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীরসহ স্পেনে সফররত এফবিসিসিআইর ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য, মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং ইউরোচ্যাম বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ইউরোপ সফরেইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, শিল্প-সংযোগ স্থাপন এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ১১ দিনের সফরে ইউরোপ গেছে এফবিসিসিআইর একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।
২৬ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক।
তথ্যসূত্র: এফবিসিসিআই

প্রথম দর্পণ,ডেস্ক