শিক্ষকদের যথাযথ মূল্যায়নেই আলোকিত দেশ গড়া সম্ভব: আসলাম চৌধুরী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ রাত
  • ৩৯৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শিক্ষকরা দেশ ও জাতি গঠনের অন্যতম কারিগর। শিক্ষকদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা গেলে সমৃদ্ধ ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরে শহীদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত শ্রী আশুতোষ চক্রবর্তীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, পৃথিবীতে নিরক্ষর হিসেবে জন্ম নেওয়া মানুষকে শিক্ষার মাধ্যমে জ্ঞান ও মনুষ্যত্ববোধে আলোকিত করার দায়িত্ব শিক্ষকরা পালন করেন। পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে প্রয়োজনীয় জ্ঞানী ও গুণী মানুষ তৈরিতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই সমাজে শিক্ষকদের সম্মান সবার ওপরে থাকা উচিত।

প্রয়াত আশুতোষ চক্রবর্তীর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলে শিক্ষা বিস্তারে আশুতোষ স্যার প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। শিক্ষাদানের পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নেও তিনি নিজের মেধা ও শ্রম ব্যয় করেছেন। তাঁর অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সীতাকুণ্ডসহ পুরো চট্টগ্রামবাসী তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সুশিক্ষিত নাগরিক তৈরিতে আশুতোষ চক্রবর্তীর মতো শিক্ষকের প্রয়োজন রয়েছে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন আবুল কাশেম চৌধুরী। জসিম উদ্দিন ভূঁইয়া ও এমরান হোসেন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন। বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, দিদারুল আলম, কর্নেল ফখরুদ্দিন, নিলাঞ্জনা এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বিল্টু কুমার সিংহ।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad