শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা-সিসি ক্যামেরা বাধ্যতামূলকের আহ্বান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ রাত
  • ১৩৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিকেল ৪টার আগে বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, নির্ধারিত সময় পর্যন্ত শিক্ষকদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ও সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা প্রয়োজন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় লালমনিরহাট সদর উপজেলার মাদরাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকরা অংশ নেন।

শিক্ষকদের মর্যাদা রক্ষায় কঠোর ব্যবস্থা

শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আত্মসম্মান রক্ষায় শিক্ষকদের প্রতিবাদ করতে ভয় পাওয়ার কারণ নেই। তাদের পেছনে শক্তিশালী প্রশাসন রয়েছে। কেউ অনাচার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষকরা দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে পারেন। তবে কোনো শিক্ষককে তালাবদ্ধ করে রাখা মেনে নেওয়া হবে না।

নৈতিক শিক্ষায় গুরুত্ব

শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে প্রতিদিন ক্লাস শুরুর আগে দুই থেকে তিন মিনিট সামাজিক অন্যায় ও অপরাধের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, যৌতুক, বাল্যবিবাহ, মাদক, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি নীতি-নৈতিকতার শিক্ষাও দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনি পরীক্ষায় পাস না করলে ফরম পূরণ করতে দেওয়া হবে না—এ বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের আগে থেকেই জানাতে হবে।

‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রমে উপস্থিতি বেড়েছে

‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের প্রসঙ্গ তুলে আসাদুল হাবিব দুলু বলেন, উদ্যোগ শুরুর দুই মাস কয়েক দিনের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি বেড়েছে। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে ‘না’ বলার মানসিকতা তৈরি করতে হবে। নিয়মিত সচেতনতার মাধ্যমে পরিবর্তনের সূচনা করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস প্রমুখ।

এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার সব মাধ্যমিক (মাদরাসা ও কারিগরি) এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আলোকিত লালমনিরহাট’-এর সচেতনতামূলক কার্যক্রমের প্রচার উপকরণ বিতরণ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad