নিহতরা হলো—সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১৫)।
নিহত আরজিনের বাবা কেফায়েত উল্লাহ জানান, সকালে নাস্তা করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় আরজিন। খেলা শেষে বন্ধুদের সঙ্গে নাফ নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। নদীতে না যাওয়ার জন্য তার মা নিষেধ করেছিলেন বলেও জানান তিনি।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করার সময় দুই শিশু পানিতে ডুবে যায়। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয়রা নদীর চর থেকে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ জানতে পারে, শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। পরে তাদের উদ্ধার করা হয়। আরজিন ঘটনাস্থলেই মারা যায়। নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নাফ নদী থেকে নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত পানি পান করায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে বিষয়টি তদন্তে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের একটি দল ঘটনাস্থলে সরেজমিনে অবস্থান করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)