বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি আসামি গ্রেপ্তার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ বিকাল
  • ৪১৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

মঙ্গলবার রাতে বগুড়া সদর এবং বুধবার রাতে সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর থানার নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মৃত মিলন শেখের ছেলে মো. আরিফ শেখ (৩৫) এবং সোনাতলা থানার লোহাগড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে সাদেক আলী (৬৫)।

র‌্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আরিফ শেখ গ্রেপ্তার এড়াতে চারমাথা এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর থানার চারমাথা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আরিফ শেখকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শিশুকে ধর্ষণের অভিযোগ

র‌্যাব জানায়, গত ৩০ জুন দুপুরে ১০ বছর বয়সী ওই শিশু তার চাচার বাড়িতে যাওয়ার পথে জোড়গাছা ইউনিয়নের নিমেরপাড়া গ্রামের একটি স-মিলের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সাদেক আলী কাজের কথা বলে কৌশলে তাকে স-মিলের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ১ জুলাই সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই সাদেক আলীকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল র‌্যাব।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টা ৪০ মিনিটে সোনাতলা থানার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাদেক আলীকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad