বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর আলিম মাদরাসা থেকে আমতলা হয়ে বটতলা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ ইটের সলিং (এইচবিবি) সড়কটি নির্মাণের ২১ বছর পেরিয়ে গেলেও এখনো পাকা করা হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত ফুট প্রশস্ত এ সড়কটি দুই দশকেরও বেশি আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণ করলেও এরপর আর কোনো বড় ধরনের উন্নয়ন বা সংস্কার হয়নি। বর্তমানে ভাঙাচোরা সড়কটি দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও ভয়াবহ রূপ নেয়। ইসলামপুর আলিম মাদরাসা, আগরপুর ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করলেও নিরাপদ যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় ভ্যানচালক, ইজিবাইকচালক, কৃষক ও শিক্ষার্থীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যানবাহনের ক্ষয়ক্ষতি বাড়ছে, কৃষিপণ্য বাজারে পৌঁছাতে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে। অনেক চালক এ পথে চলাচল এড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, সড়কটির দুরবস্থার বিষয়টি তাঁর জানা রয়েছে। এলাকাবাসীর দাবির সঙ্গে একমত জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে ইটের সলিং সড়কটিকে পাকা সড়কে উন্নীত করার চেষ্টা চলছে।
দুই উপজেলার কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত কার্পেটিং করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং এলাকার শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রথম দর্পণ,ডেস্ক