প্রায় ২১ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান হারিছ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়নের অভিযোগে তিনি স্থানীয়ভাবে ‘গডফাদার’ ও ‘দানব’ নামে পরিচিতি পান।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পান।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকার রামপুরা এলাকা থেকে হারিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া ১০টি মামলার মধ্যে আটটিতে স্থানীয় আদালত থেকে এবং বাকি দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। বুধবার হাইকোর্টের জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, হারিছুর রহমান সবগুলো মামলায় জামিন পাওয়ায় নিয়ম অনুযায়ী তাকে কারামুক্ত করা হয়েছে।
এদিকে তার মুক্তির খবর ছড়িয়ে পড়তেই গৌরনদীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিএনপির স্থানীয় নেতারা এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় হারিছুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন, হামলা ও বিভিন্ন অনিয়মের বহু অভিযোগ রয়েছে। তাদের দাবি, এমন একজন বিতর্কিত ব্যক্তির জামিনে মুক্তি সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরোয়ার বলেন, “হারিছুর রহমানের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ রয়েছে। তার এত দ্রুত জামিনে মুক্তির বিষয়টি এলাকাবাসীর মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে।”
তবে এসব অভিযোগের বিষয়ে হারিছুর রহমান বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া নাই।

প্রথম দর্পণ,ডেস্ক