পুলিশি বাধার অভিযোগে ক্ষোভ, ১৪ জুলাই গোপালপুরে খতমে নবুওয়ত সম্মেলনের ঘোষণা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ বিকাল
  • ১২১৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি মসজিদে জুমার নামাজের পর আয়োজিত খতমে নবুওয়ত বিষয়ক ঈমানী আলোচনা কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে—এমন অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। একই সঙ্গে সংগঠনটি আগামী ১৪ জুলাই গোপালপুর ইউনিয়ন স্কুল মাঠে খতমে নবুওয়ত সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর জুরাইনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কিছু মুসলমান কাদিয়ানি সম্প্রদায়ের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে তাদের কাছে অভিযোগ এসেছে। একই সঙ্গে স্থানীয়দের সম্পত্তি জবরদখল এবং ধর্মান্তরের চেষ্টার অভিযোগও উত্থাপন করা হয়। এছাড়া কাদিয়ানি সম্প্রদায়ের জাতীয় আমিরের ওই এলাকায় অবস্থান পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলেও দাবি করা হয়।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে প্রশাসন মসজিদে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা কর্মসূচিতে বাধা দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ১৪ জুলাই গোপালপুর ইউনিয়ন স্কুল মাঠে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত সম্মেলন একটি শান্তিপূর্ণ দাওয়াতি ও সচেতনতামূলক কর্মসূচি। এতে অযৌক্তিক বাধা সৃষ্টি করা হলে কিংবা অনুমতি প্রদানে অপ্রয়োজনীয় বিলম্ব হলে তার দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে বলে তারা মন্তব্য করেন।

জরুরি পরামর্শ সভায় সদস্য সচিব আল্লামা মহিউদ্দিন রাব্বানী, আল্লামা রশিদ আহমদ, সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম, মুফতি আরিফুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, মুফতি শফিক সাদীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবেদনে বর্ণিত অভিযোগগুলো সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad