রাজশাহীকে আরও নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতে অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, সমাজের শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় রাজশাহীকে দেশের অন্যতম নিরাপদ নগরীতে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (১ জুলাই) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপি সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী মহানগর পুলিশ নগরবাসীর জানমাল রক্ষা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, নিরাপদ নগর গড়ে তুলতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভা শেষে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচিতেও অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক