সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুইটি চিপস ও দই তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার (২৯জুন) দুপুরে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ কর্তৃক রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলা এলাকায় অবস্থিত ২টি চিপসের কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক সোহেল শেখ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে চিপস তৈরীতে কৃত্রিম রং ব্যবহার, খাদ্য দ্রব্যে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ফাতেমা চিপসের মালিক মো: লিটন হোসেনকে ৭০ হাজার টাকা এবং মেসার্স নুরনবী চিপসের মালিক মো: নুরনবী শেখকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ক্ষতিকর নিষিদ্ধ রং ও রাসায়নিক ব্যবহার করে চিপসের উৎপাদন না করারও নির্দেশনা দেওয়া হয়।এছাড়া রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার সংলগ্ন মিষ্টি ও দই তৈরির প্রতিষ্ঠান মেসার্স জয়া দধি মিষ্টান্ন ভান্ডার এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিস্টি ও ঘি উৎপাদন করাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স জয়া দধি মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী কৃষ্ণকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাবের সদস্য, র্যাব এবং ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক