বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পরিবেশবাদী সংগঠন ‘প্রাণের খোঁজে বিশ্বময়’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সংগঠনের সভাপতি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ এবং সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুসুম রেওয়াজ তুহিন।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজনের সমাপনীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক