বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। তাই বাজারে বাড়তি চাপ তৈরি হওয়ার আগেই জানুয়ারির প্রথম দিকে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করা জরুরি। এতে ভোক্তারা সাশ্রয়ী দামে খেজুর কেনার সুযোগ পাবেন।
আলজেরিয়ায় পর্যাপ্ত মজুত, ২০-৩০ দিনে চালান পৌঁছানোর সম্ভাবনা
রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি জানান, বর্তমানে আলজেরিয়ায় খেজুরের ভরা মৌসুম চলছে এবং দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। বাংলাদেশের বাজারে প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব ইতোমধ্যে দেশটির কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে।
এ ছাড়া আলজেরিয়ার একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ
বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন অথবা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠকের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
হালাল পণ্য রপ্তানি ও হস্তশিল্প মেলায় অংশগ্রহণ
বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন নিয়মকানুন সম্পর্কে বাংলাদেশের পক্ষকে অবহিত করেন রাষ্ট্রদূত।
এ সময় আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি। সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত প্রস্তুত করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক