সবুজ ঘেরা গ্রাম নগর,
ইটের দালান সব শহর।
নদীর বুকে জেলে মাঝি,
অফিস-আদালতে ম্যাজিস্ট্রেট-কাজি।
ফসলের মাঠে কৃষক চাষি,
রাখালের হাতে বাঁশের বাঁশি।
বিদ্যুৎ-গ্যাস শহরের বাসা,
গ্রামে লাকড়ির রান্না খাসা।
শিশু-কিশোর খেলার মাঠে,
গ্রামের মানুষ যায় হাটে।
গাছে গাছে পাখি ডাকে,
ডিঙি নৌকা নদীর বাঁকে।
ঘরের বধূ পুকুর ঘাটে,
মরিচ-মশলা পাটায় বাটে।
অপূর্ব চিত্র যেনো দেখি নয়ন ভরে,
সবুজে ছেয়ে আছে সারা দেশ জুড়ে।
শেষ তো হবে না, দেশের কথা বলে,
মাঠে মাঠে ছুটে বেড়ায় গরু-মহিষের দলে।
শহর জুড়ে আছে তেমন দামি দামি গাড়ি,
যেদিকে চেয়ে দেখবে দালান-বড় বাড়ি।
এটাই আমার সোনার বাংলা,
রূপের পাহাড় শস্য-শ্যামলা।
কবির পরিচিতি
আলেয়া মান্নান, যার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম মোসাঃ আলেয়া খাতুন। জন্ম তারিখ ২০ অক্টোবর ১৯৮৫
তার জন্ম বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক মুসলিম পরিবারে।
তাঁর পিতা: মরহুম ইমাম হোসাইন এবং মাতা: মোসাঃ জুবাইদা খাতুন। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন মা, সংসারী, চাকুরীজীবী ও জীবনসংগ্রামী মানুষ। শত ব্যস্ততার মাঝেও দিন কাটিয়ে রাতের নীরবতায় তিনি সাহিত্য নিয়ে ভাবেন এবং লেখালেখি করেন। শৈশবে খুব দুরন্ত প্রকৃতির ছিলেন এই কবি, ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের অনেক জেলা ভ্রমণ করেছেন।
সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা বেশ মুখর। আজ থেকে প্রায় তিন বছর আগে তাঁর একটি যৌথ বই প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর শতাধিক কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে কবিতার পাশাপাশি গল্প লেখারও ইচ্ছে আছে। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল ভাবনা। তিনি সর্বদা মানুষের আপদে-বিপদে পাশে থাকার চেষ্টা করে। তাঁর জীবনধারা অতি সাধারণ। তিনি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ—এটাই তাঁর বড় পরিচয়।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)