বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে আইসিএও ও থাইল্যান্ডের সহযোগিতা চাইল সরকার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ দুপুর
  • ৮৩৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) ও থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে পর্যটন ও বিনিয়োগ সম্প্রসারণেও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আইসিএওর সপ্তম এয়ার ট্রান্সপোর্ট সম্মেলনের ফাঁকে সংস্থাটির কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিতের সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয় তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকগুলোর তথ্য জানানো হয়।

বিমান চলাচলে সক্ষমতা বাড়াতে আইসিএওর সহযোগিতা

আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমার সঙ্গে বৈঠকে বাংলাদেশে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে সংস্থাটির সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

বিশেষ করে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশন-সংশ্লিষ্ট শিক্ষা, বিশেষায়িত একাডেমিক কার্যক্রম ও পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এম রশিদুজ্জামান মিল্লাত।

জবাবে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নেভিগেশন ব্যবস্থায় থাইল্যান্ডের কারিগরি সহায়তা চাইল বাংলাদেশ

অন্যদিকে থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিত এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের মন্ত্রী।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিমান চলাচল খাতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

এ সময় সরকারি পর্যায়ে (জি-টু-জি) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) সহযোগিতায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান মন্ত্রী।

সংশ্লিষ্টদের আশা, এ সহযোগিতা বাস্তবায়িত হলে বাংলাদেশের বিমান চলাচলের নিরাপত্তা বাড়বে, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিশ্চিত হবে এবং দেশীয় কারিগরি সক্ষমতা আরও শক্তিশালী হবে।

প্রতিযোগিতামূলক এভিয়েশন খাত গড়ার লক্ষ্য

মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা ও দক্ষ জনবল উন্নয়নে এসব উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সরকারের লক্ষ্য, আন্তর্জাতিক সহযোগিতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আধুনিক, নিরাপদ ও প্রতিযোগিতামূলক আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad