কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন—এমন লক্ষ্য নিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও এসব সেবা পৌঁছে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, অনেক নারী এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যসেবায় এই ব্যবধান বৈষম্যেরই প্রতিফলন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ বৈষম্য দূর করা সম্ভব।
তিনি বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, সেগুলো প্রতিরোধ করা, রোগ দ্রুত শনাক্ত করা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য হওয়া উচিত।
ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার কার্যকারিতা বাড়ানো এবং জটিলতা কমানো সম্ভব।
ডা. জুবাইদা রহমানের বক্তব্যে স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করা, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করা এবং নারীদের ক্যানসার শনাক্তকরণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রথম দর্পণ,ডেস্ক