সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় জাতীয় সংসদে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সদস্যদের প্রতিবাদ ও পাল্টা বক্তব্যে অধিবেশন কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একাধিকবার সদস্যদের শান্ত হয়ে নিজ নিজ আসনে বসার আহ্বান জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে দাঁড়ালে হট্টগোল শুরু হয়।
তদন্ত কমিটি গঠনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের একটি পুরোনো ও পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে। ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং ও মিটার পরীক্ষা এবং স্থানীয়দের সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ আগেই ঘটনাটিকে অগ্নিসংযোগ বলে উল্লেখ করেছেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ ধরনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এ সময় তিনি তথ্য-উপাত্ত ও ছবি দেখিয়ে বক্তব্য দিতে শুরু করলে বিরোধী বেঞ্চের সদস্যরা প্রতিবাদ ও হইচই শুরু করেন।
একপর্যায়ে পরিস্থিতির কারণে বক্তব্য থামিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি। দয়া করে আমি কথা বলার সময় একটু শুনুন, আপনারা পরে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য খণ্ডন করতে পারবেন।’
বিরোধী সদস্যদের শান্ত থাকার আহ্বান ডেপুটি স্পিকারের
এ সময় স্পিকারের আসনে দায়িত্ব পালনরত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ বক্তব্য দেওয়ার সময় সবাই মনোযোগ দিয়ে শুনেছেন। প্রত্যেকের বক্তব্য শোনা হবে এবং পরবর্তী সময়ে বক্তব্য খণ্ডনের সুযোগও রয়েছে।
ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য অব্যাহত রাখার নির্দেশ দেন। তবে তিনি আবার বক্তব্য শুরু করতে গেলে বিরোধী বেঞ্চ থেকে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদসহ কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলতে থাকেন। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকেও এ সময় দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়।
উত্তপ্ত পরিস্থিতিতে ডেপুটি স্পিকার নাহিদ ইসলামকে উদ্দেশ করে বলেন, তাঁর বক্তব্যের সময় অন্য সদস্যরা মনোযোগ দিয়ে শুনেছেন। দলের অন্য সদস্যদেরও বক্তব্য শোনার জন্য অনুরোধ করা তাঁর দায়িত্ব।
হান্নান মাসুদকে নাম ধরে একাধিকবার বসার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘হান্নান মাসুদ সাহেব, আপনার বক্তব্যের সুযোগ আছে, আপনি বসুন। এভাবে সংসদে কথা বলা সমীচীন নয়।’
ডেপুটি স্পিকারের দফায় দফায় হস্তক্ষেপ ও অনুরোধের পর অধিবেশন কক্ষের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক