বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সম্মেলনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনীও পরিদর্শন করেন।
সফরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক