সড়কে মৃত্যু কমাতে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ বিকাল
  • ৮১৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শুধু চালকের সচেতনতার ওপর নির্ভর না করে কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, আইনের কঠোর প্রয়োগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং সমন্বিত ‘সেইফ সিস্টেম এপ্রোচ’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা।

তারা বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য কেবল চালকের ভুল দায়ী নয়। ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো, যানবাহনের ফিটনেসহীনতা, অতিরিক্ত গতি, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগে শৈথিল্যও দুর্ঘটনার অন্যতম কারণ। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সামগ্রিক ব্যবস্থার উন্নয়ন জরুরি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক তরুণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশন এ কর্মশালার আয়োজন করে।

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা যথেষ্ট নয়; সড়ক ব্যবস্থাপনার প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন প্রয়োজন।

তিনি বলেন, আইনের যথাযথ প্রয়োগ, চালকদের পেশাগত প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সড়কে প্রাণহানি কমানো সম্ভব। সড়ক নিরাপত্তা রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সব সড়ক ব্যবহারকারীর সম্মিলিত দায়িত্ব।

নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি বলেন, সড়ক দুর্ঘটনাকে শুধু চালকের ভুল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। একটি দুর্ঘটনার পেছনে সড়কের ত্রুটিপূর্ণ নকশা, যানবাহনের বেহাল অবস্থা, গতি নিয়ন্ত্রণের অভাব, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগে শৈথিল্যসহ বিভিন্ন কারণ কাজ করে।

তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে সমন্বিত ‘সেইফ সিস্টেম এপ্রোচ’ বাস্তবায়ন করতে হবে। এ জন্য নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিরাপদ যান চলাচল, নাগরিকদের দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনার পর দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান।

কর্মশালায় অংশ নেওয়া তরুণরা দেশের সড়কগুলো নিরাপদ করতে যুগোপযোগী ও কার্যকর আইন প্রণয়ন এবং তার কঠোর বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা এবং সড়ক ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, ১২ নভেম্বর ২০২৬; কর্মশালায় অংশগ্রহণকারী বক্তাদের বক্তব্য।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad