১৪ বছর পর মামলা থেকে খালাস, হয়রানির অভিযোগে বাদীসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ রাত
  • ১৫০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজনৈতিক প্রতিহিংসার কারণে দায়ের করা মামলায় প্রায় ১৪ বছর ধরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে এবার মূল মামলার বাদীসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিএনপি নেতা ফয়সল আহমদ সাগর। দীর্ঘ আইনি লড়াই শেষে সম্প্রতি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত তাঁকে ওই মামলা থেকে খালাস দিয়েছেন।

ফয়সল আহমদ সাগর বড়লেখা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য। তাঁর অভিযোগ, ২০১২ সালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁকে হয়রানি ও এলাকা ছাড়া করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়। ওই মামলায় তাঁকে তিন দফা কারাভোগ করতে হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে বাধ্য হওয়া এবং আর্থিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও করেছেন তিনি।

এসব অভিযোগে উপজেলার গল্লাসাঙ্গন ছাতুরপার গ্রামের সামছুল ইসলামের স্ত্রী রিনা বেগম, সাবেক ইউপি সদস্য খছরুজ্জামান খছরুসহ ১২ জনের বিরুদ্ধে মঙ্গলবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ফয়সল আহমদ সাগর।

মামলার অন্য আসামিরা হলেন সামছুল ইসলাম, নাজমুল ইসলাম, সুলতানা বেগম, দুলাল আহমদ, নাজিম উদ্দিন, তাজুল ইসলাম, শবজান বেগম, আব্দুল মজিদ, আলতাফ হোসেন, নুরুল ইসলাম ও আমিনুল ইসলাম।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফয়সল আহমদ সাগর বলেন, রাজনৈতিক কারণে তাঁকে এলাকা ছাড়া করতেই মিথ্যা মামলাটি করা হয়েছিল। অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আদালতে মিথ্যা অভিযোগপত্র দাখিল করেন বলেও দাবি করেন তিনি। ওই মামলায় তাঁকে তিনবার কারাভোগ করতে হয়েছে। দীর্ঘ ১৪ বছর আইনি হয়রানি, আর্থিক ক্ষতি ও সামাজিকভাবে মানহানির শিকার হওয়ার পর আদালত তাঁকে খালাস দিয়েছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে বাদী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে নতুন মামলা করেছেন তিনি।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া নতুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad