যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে ইরানে সামরিক হামলা চালালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি। সম্ভাব্য হামলার জবাবে ইরান ব্যাপক ও শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া জানাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
তাসনিমকে দেওয়া বক্তব্যে হোসেইনালি হাজি দেলিগানি বলেন, ইরানের পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে, যার প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, ইরানের সামরিক জবাব কোনো নির্দিষ্ট হামলার পরিধি কিংবা ভৌগোলিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিস্থিতি বিবেচনায় এ জবাব হবে ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত।
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দেশটির বিরুদ্ধে ‘যুদ্ধের একটি ধরন’ হিসেবে অভিহিত করেছেন এই সংসদ সদস্য। তিনি সতর্ক করে বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী এই অবরোধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ইরানি সংসদ সদস্যের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তেহরানের উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক