বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করতে হবে নুসুক অ্যাপে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ রাত
  • ২০৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিশ্বের ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিমদের জন্য প্রতিদিন লটারির আয়োজন, বিজয়ী পাবেন যাতায়াত, ভিসা ও আবাসন সুবিধা

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। এ উপলক্ষে নভেম্বরজুড়ে বিশেষ কুইজ ও লটারি প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ। গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা পাবেন ওমরাহ পালনের সম্পূর্ণ প্যাকেজ।

প্রতিযোগিতায় বিজয়ীদের ওমরাহ পালনের যাবতীয় খরচ বহন করবে সৌদি সরকার। প্যাকেজের আওতায় থাকবে নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা ও প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়ার খরচ এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন সুবিধা।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হলো, প্রতিদিনের নির্বাচিত বিজয়ী নিজের সঙ্গে পরিবারের কোনো সদস্য অথবা পছন্দের একজন ব্যক্তিকে বিনা খরচে ওমরাহ পালনের জন্য নিয়ে যেতে পারবেন।

এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ কার্ড। প্রত্যেকে পাবেন ২০টি করে কার্ড। এর মধ্যে ১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়ার জন্য।

কারা অংশ নিতে পারবেন

বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিমরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এজন্য স্মার্টফোনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

অ্যাপে প্রবেশ করে নিজের নাম, ইমেইল ঠিকানা, দেশের নাম ও বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর ইমেইলে পাঠানো ওটিপি কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের মেনু থেকে ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে পবিত্র কোরআন, মহানবী (সা.)-এর জীবনচরিত, ওমরাহর নিয়মকানুন ও ইসলামি ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে কুইজে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

প্রতিযোগীকে প্রথমে একটি বিষয় নির্বাচন করে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে। এরপর বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে স্বয়ংক্রিয়ভাবে ওই দিনের লটারির তালিকায় প্রতিযোগীর নাম যুক্ত হবে।

যেভাবে বাড়বে জয়ের সম্ভাবনা

নিজস্ব ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নুসুক অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়া যাবে। এতে লটারিতে অংশগ্রহণের সুযোগ বাড়বে এবং পুরস্কার জয়ের সম্ভাবনাও বাড়তে পারে।

প্রতারণা এড়াতে সতর্কতা

প্রতিযোগিতায় অংশ নিতে নুসুকের অফিশিয়াল অ্যাপ অথবা যাচাইকৃত মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুয়া ওয়েবসাইট, অননুমোদিত লিংক কিংবা অপরিচিত ব্যক্তির কাছে পাসপোর্ট ও ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

তবে প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত হবে না। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। ফলে আবেদনকারীদের মধ্যে নির্বাচিত ব্যক্তিরাই বিনা খরচে ওমরাহ প্যাকেজ পাওয়ার সুযোগ পাবেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad