রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। পোস্টে বলা হয়, পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম—এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
শিক্ষা খাতের মানোন্নয়ন এবং হতাশাজনক ফল করা প্রতিষ্ঠানগুলোর তদারকি জোরদার করতে মন্ত্রণালয় এ অবস্থান নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শূন্য পাসের প্রতিষ্ঠান বেড়েছে ৯১টি
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এ সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
অন্যদিকে, এবারের পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে হিসাবে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

প্রথম দর্পণ,ডেস্ক