গত ৩০ অক্টোবর দুপুরে চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ অক্টোবর) জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেটের মালিকপক্ষকে ভবিষ্যতে ঢেউটিন, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
এদিকে একই দিন ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পৌরসভার ১৫টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখা হবে।
তথ্যসূত্র: জেলা প্রশাসন, সিরাজগঞ্জ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি