বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এ দর রেকর্ড করা হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫ ডলারে দাঁড়ায়।
সুদের হার বাড়ার আশঙ্কাযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) বুধবার নীতিসুদ অপরিবর্তিত রেখেছে। তবে মূল্যস্ফীতির পরিস্থিতি মূল্যায়ন এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার সুযোগ রাখতে সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তে সতর্ক অবস্থান নিয়েছে ব্যাংকটি।
এদিকে, আগামী ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে—এমন প্রত্যাশা বাজারে জোরালো হয়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের লেনদেনকারীরা ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ ধরে হিসাব করছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশের কথা রয়েছে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেড এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়। নতুন তথ্য থেকে দেশটির ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
৪ হাজার ডলারের নিচে নামার শঙ্কাবাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, পিসিইর তথ্য বাজারের প্রত্যাশার চেয়ে বেশি হলে স্বর্ণের দাম আবারও প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে যেতে পারে। এতে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো হবে।
সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে উচ্চ সুদের প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করে।
হান তান আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে বাজারে উদ্বেগ রয়েছে। জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১২০ ডলার বা তার বেশি হলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। সে ক্ষেত্রে কঠোর মুদ্রানীতির প্রয়োজন দেখা দিলে স্বর্ণের দাম চলতি বছরের নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে।
ইউরোপের সুদের হার ও ভূরাজনৈতিক পরিস্থিতিবৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার অপরিবর্তিত থাকার প্রত্যাশা করছেন বাজার বিশ্লেষকেরা। তবে ফ্রান্সের বন্ডবাজারে অস্থিরতা ব্যাংকটির সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্ব পেতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়িকে আলোচনার উদ্যোগ পুনরুজ্জীবিত করার বিষয়ে চিঠি পাঠিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শান্তি আলোচনা নিয়ে নতুন করে আশার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।
রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছেস্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ৫২ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।
এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫০২ দশমিক ৬১ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ২ দশমিক ৫৫ ডলারে নেমেছে।
তথ্যসূত্র: রয়টার্স।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক