এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের স্থান নেই

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ বিকাল
  • ৯১৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
৩০ নভেম্বরের মধ্যে ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত করার নির্দেশ

আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্দেশনা অনুযায়ী, জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতে ৩০ বছরের কম বয়সী কাউকে রাখা যাবে না। ইউনিয়ন আহ্বায়কের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর এবং সদস্যসচিবের ৩০ বছর।

বুধবার (২৮ অক্টোবর) এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাংগঠনিক উপকমিটির প্রধান সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এসব নির্দেশনা দেওয়া হয়।

কমিটি গঠনে বয়স ও প্রতিনিধিত্বের শর্ত

নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির তত্ত্বাবধানে উপজেলা কমিটির নেতৃত্বে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। প্রতিটি ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য অন্তর্ভুক্ত করার পাশাপাশি নারী, ভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করার চেষ্টা করতে হবে।

ইউনিয়ন আহ্বায়কের ন্যূনতম বয়স ৩৫ বছর নির্ধারণ করা হলেও ৪০ বছর বা তার বেশি বয়সীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে। সদস্যসচিবের বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর।

৩১ থেকে ৫১ সদস্যের কমিটিকে পূর্ণাঙ্গ হিসেবে গণ্য করা হবে। ৩১ জনের কম সদস্য থাকলে সেটিকে আংশিক কমিটি হিসেবে ঘোষণা করতে হবে। তবে আংশিক কমিটিতে অন্তত ১১ জন সদস্য থাকতে হবে। এ ধরনের কমিটি ঘোষণার ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের জন্য আলাদা সংগঠন

এনসিপির নির্দেশনায় বলা হয়েছে, জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতে নিয়মিত শিক্ষার্থীদের রাখা যাবে না। তারা দলের ছাত্রসংগঠন ছাত্রশক্তিতে কাজ করবেন।

অন্যদিকে, ৩০ বছরের কম বয়সী কিন্তু নিয়মিত শিক্ষার্থী নন—এমন ব্যক্তিদের যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তি কিংবা দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতৃত্ব নির্বাচনে স্থানীয়ভাবে পরিচিত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

বিভিন্ন পর্যায়ের কমিটির আকার নির্ধারণ

দলের নির্দেশনায় বিভিন্ন পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটির সদস্যসংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়—

মহানগর ও জেলা কমিটি হবে ১০১ সদস্যের।

উপজেলা, পৌরসভা ও থানা কমিটি হবে ৭১ সদস্যের।

ইউনিয়ন কমিটি হবে ৫১ সদস্যের।

ওয়ার্ড কমিটি হবে ৩১ সদস্যের।

তিন ধাপে চেয়ারম্যান প্রার্থীর তালিকা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা ৩০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। জেলা কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদকের কাছে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ জন্য তিন ধাপে সময়সীমা নির্ধারণ করেছে দলটি। প্রথম ধাপে ১০ নভেম্বর, দ্বিতীয় ধাপে ২০ নভেম্বর এবং তৃতীয় ও শেষ ধাপে ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা পাঠাতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা এবং চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad