বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম সংঘর্ষ ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে একটি ভেকু ভাঙচুর এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় লাঠি হাতে হকারদের অবস্থান করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে পুনরায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও পরবর্তী অগ্নিসংযোগের ঘটনায় কারা কীভাবে জড়িত, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রথম দর্পণ,ডেস্ক