নতুন ভাড়ার তালিকা ছাড়াই রাজধানীর বাসে বাড়তি আদায়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ দুপুর
  • ২০৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডা, কোথাও হাতাহাতির পরিস্থিতি; দূরপাল্লার বাসেও ৫০–১০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হলেও রাজধানীর বিভিন্ন রুটে নতুন ভাড়ার তালিকা ছাড়াই অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোনো কোনো বাসে আগের ভাড়ার তুলনায় ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন। নতুন ভাড়ার তালিকা না থাকায় এ নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহণকর্মীদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটছে।

বুধবার রাজধানীর মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগ এলাকায় এমন চিত্র দেখা গেছে। একই সঙ্গে সায়েদাবাদে দূরপাল্লার কয়েকটি বাসের কাউন্টারেও বাড়তি ভাড়া নেওয়ার তথ্য পাওয়া গেছে। তবে মহাখালী বাসটার্মিনালের কয়েকটি কাউন্টারে সকালে আগের ভাড়াতেই টিকিট বিক্রি করতে দেখা যায়।

রাজধানীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়া

মিরপুর-১২ নম্বরের বাসিন্দা রেলওয়েত হোসেন জানান, সাগুফতা মোড় থেকে মিরপুর-১০ নম্বর শাহআলী মার্কেট এলাকায় যেতে আগে ১০ টাকা ভাড়া দিলেও বুধবার তাঁর কাছে ১৫ টাকা চাওয়া হয়। বাসে নতুন ভাড়ার কোনো তালিকাও ছিল না।

মিরপুরের ১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এবং কালশী এলাকায়ও নতুন ভাড়ার তালিকা না থাকার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা তালিকা দেখতে চাইলে পরিবহণকর্মীদের সঙ্গে তাদের তর্কে জড়াতে হচ্ছে।

মিরপুর-১২ থেকে গাজীপুরের কালিয়াকৈরে যাতায়াতকারী এক যাত্রী বলেন, রাজধানী পরিবহণের বাসে আগের তুলনায় ৫ থেকে ১০ টাকা বেশি চাওয়া হচ্ছে। মিরপুর-১ এলাকার কয়েকজন যাত্রীর অভিযোগ, নতুন ভাড়া কার্যকরের সুযোগ নিয়ে কোনো কোনো বাসে ইচ্ছেমতো ভাড়া দাবি করা হচ্ছে। কোথাও কোথাও পরিস্থিতি হাতাহাতির পর্যায়েও পৌঁছাচ্ছে।

শাহবাগ থেকে গাবতলীগামী যাত্রী জুয়েল সিকদার বলেন, আগে তিনি ২০ টাকা ভাড়া দিলেও বুধবার ৩০ টাকা নেওয়া হয়েছে। তবে নতুন ভাড়ার তালিকা দেখানো হয়নি।

আজিমপুর থেকে মিরপুরগামী শিক্ষার্থী হাবিবুর রহমান জানান, আগে ১০ টাকা ভাড়া দিলেও এখন ১৫ টাকা দিতে হচ্ছে। অন্যদিকে মোহাম্মদপুর থেকে মতিঝিলে নিয়মিত যাতায়াতকারী ফুয়াদ করিমের অভিযোগ, আগে ২০ টাকা নেওয়া হলেও এখন ২৫ থেকে ৩০ টাকা চাওয়া হচ্ছে।

কাওরান বাজার এলাকার কয়েকজন যাত্রীও বিভিন্ন বাসে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ করেছেন। তাদের অভিযোগে ওয়েলকাম, প্রজাপতি ও বিকল্প পরিবহণের নাম এসেছে।

ফার্মগেট এলাকার এক বাসকর্মী বলেন, নতুন ভাড়ার তালিকা হাতে না থাকায় যাত্রীদের তা দেখানো সম্ভব হচ্ছে না। এ নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হচ্ছে। তবে রজনীগন্ধা পরিবহণের চালক মো. সাকিব হাওলাদার দাবি করেন, নতুন তালিকা না পাওয়ায় তারা আগের ভাড়াই নিচ্ছেন।

দূরপাল্লার বাসেও বাড়তি আদায়

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় বুধবার কয়েকটি দূরপাল্লার পরিবহণের কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার তথ্য পাওয়া গেছে।

ঢাকা-কুয়াকাটা পথে আগে ২২০ টাকা নেওয়া হলেও এখন ২৫০ টাকা, ঢাকা-নবীনগর পথে ৩২০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা এবং ঢাকা-পিরোজপুর পথে একটি পরিবহণে ৬৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা নেওয়া হচ্ছে।

তবে ঢাকা-চট্টগ্রাম রুটে হানিফ পরিবহণের নন-এসি বাসে ৭০০ টাকা এবং ঢাকা-রংপুর রুটে বিআরএম পরিবহণে ৭৪৫ টাকা ভাড়া অপরিবর্তিত রয়েছে বলে কাউন্টারকর্মীরা জানিয়েছেন।

সায়েদাবাদের একটি পরিবহণের কাউন্টার ম্যানেজার এসএম তারিফুল ইসলাম বলেন, তারা আগের তুলনায় ৫০ টাকা বেশি নিচ্ছেন। তাঁর দাবি, ইকোনমি ও বিজনেস ক্লাসের নন-এসি বাসে একই হারে ভাড়া নেওয়া হচ্ছে।

অন্যদিকে হানিফ পরিবহণের ঢাকা-চট্টগ্রাম কাউন্টারের এক কর্মী জানান, যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। যাত্রাবাড়ী এলাকার কয়েকজন যাত্রী অবশ্য অভিযোগ করেছেন, কিছু কাউন্টারে আগের তুলনায় ৫০ থেকে ১০০ টাকা বেশি চাওয়া হচ্ছে।

শ্রমিক ইউনিয়নের বক্তব্য

ঢাকা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম দেওয়ান বলেন, জ্বালানির দাম বাড়ার পর সরকার বাসভাড়া বাড়ালেও নতুন ভাড়ার প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে না।

নির্ধারিত নতুন ভাড়া

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন এলাকার বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।

নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। মহানগরীর বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তদারকিতে অভিযান নেই

নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে বলে মঙ্গলবার জানিয়েছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অভিযোগ প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি রুট পারমিট বাতিলের কথাও তিনি বলেন।

তবে বুধবার রাজধানীতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের পরও ভাড়া তদারকিতে কোনো অভিযান পরিচালনার খবর পাওয়া যায়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad