মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আহমেদ তৌহিদ চাঁদপুরের কচুয়া থানার সাহাবপাড়া ২ নম্বর ওয়ার্ডের মনির হোসেনের ছেলে। অপর নিহত মাহি উদ্দীন একই থানার শাহারপাড়া পাটোয়ারীবাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক তৌহিদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী মাহি উদ্দীন।
পরে স্থানীয়রা মাহি উদ্দীনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। মিনি ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)