নিহত শিশু আছিয়ার মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের বাড়িতে রায়ের অপেক্ষায় রয়েছেন তার মা আয়েশা আক্তার। আসামি হিটু শেখের ফাঁসির আদেশ বহাল থাকবে—এমন প্রত্যাশা করছেন তিনি।
২০২৫ সালের ৬ মার্চ রাতে মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। অভিযোগ, বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করেন। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিচারের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ ঘটনায় নিহত শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন।
আলোচিত এ মামলায় মাত্র ১৩ কার্যদিবসে বিচার কার্যক্রম শেষ করে ২০২৫ সালের ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত।
পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পুনর্বিবেচনার আবেদন করেন আসামিপক্ষ। আবেদনটির শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
এখন হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে আছেন নিহত শিশু আছিয়ার পরিবার। তারা আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকবে বলে প্রত্যাশা করছেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স