এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের পাল্টা কর্মসূচি, অনুমতি দেয়নি প্রশাসন

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সভাস্থল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাল্টা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে জেলা প্রশাসনের অনুমতি না থাকায় সেখানে কোনো পক্ষকেই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা ওই এলাকায় বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানান। পাশাপাশি তিনি ক্ষমা না চাইলে এনসিপির নির্ধারিত কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন তারা।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল ৩টায় এনসিপির নির্ধারিত সভাস্থল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে মিথ্যাচারের অভিযোগে হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তিনি ক্ষমা না চাওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান বলেন, শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। নির্ধারিত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তবে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানিয়েছিল; রাজনৈতিক সমাবেশের বিষয়ে তাদের জানানো হয়নি। শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় না, তাই এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার সুযোগ নেই।

কওমি ছাত্রদের কর্মসূচির বিষয়েও জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, জেলা প্রশাসনের অনুমতি না থাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তন কোনো পক্ষই ব্যবহার করতে পারবে না।

এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শিল্পকলা একাডেমির সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad