সময় মিডিয়া লিমিটেড (সময় টিভি)-এর বিজ্ঞাপন বিলের ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে মামলার নথি পর্যালোচনা করে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট ওমেদার অঙ্কন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের। এর আগে আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন করলেও আদালত তা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত দেন।
এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন—সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ারের বাইরে গিয়ে ওই মাসের বিজ্ঞাপন বিল মওকুফের নোটিশ জারি করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সময় টিভির আগস্ট মাসের বিজ্ঞাপন বাবদ প্রাপ্ত ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা উত্তোলন করে তা কোম্পানির হিসাব বিভাগে জমা না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে অর্থ ও রসিদ বই ফেরত দেওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও আসামিরা কোনো সাড়া দেননি। পরে থানায় মামলা গ্রহণ না হওয়ায় বাদী আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগটি আমলে নিয়ে প্রথমে সমন জারি করেন। নির্ধারিত তারিখে আসামিরা আদালতের নির্দেশনা অনুসরণ না করায় মঙ্গলবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ