কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত সাতটি কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এসব কৃষিযন্ত্র বিতরণ করা হয়।
বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৮টি ধান কাটার যন্ত্র (রিপার), ৪ সেট এলএলপি (লো-লিফট পাম্প), ৫ সেট ফিতা পাইপ, ২টি ভুট্টা মাড়াই যন্ত্র এবং ১২টি হ্যান্ড স্প্রেয়ার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় কমবে, সময় ও শ্রম সাশ্রয় হবে এবং কৃষি উৎপাদন আরও বাড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতেই প্রকল্পের আওতায় এসব কৃষিযন্ত্র সরবরাহ করা হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে সহায়ক ভূমিকা রাখবে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, কৃষির আধুনিকায়নে সরকার নানা প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়ন করছে। উন্নত কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি কৃষকদের সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, ইয়ার হোসেন, শফিকুল আলম তোরান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী, যুবদল নেতা হোসেন বাবুসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক