প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বাবলম্বী করতে নেত্রকোণায় মেরিট কেয়ারের উদ্যোগ
পুঁজি ও প্রযুক্তিগত সহায়তার অভাবে পিছিয়ে থাকা নেত্রকোণার প্রান্তিক পোল্ট্রি খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মেরিট কেয়ার অর্গানাইজেশন। জেলার সাতপাই বর্শিকুড়া এলাকায় আয়োজিত ‘পোল্ট্রি ফার্ম নিবন্ধন’ কর্মশালার মাধ্যমে ৬০ জন খামারিকে বিনামূল্যে মুরগির বাচ্চা (চিকস), খাদ্য (ফিড) ও প্রয়োজনীয় ঔষধ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক পরিবারগুলোর টেকসই আয় নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি করা। প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে স্বল্প পুঁজিতে খামার পরিচালনা করে দ্রুত লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার দেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা সাজ্জাদুর আজিজ মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম খোকন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান খান।
মেরিট কেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান মির্জা ইশতিয়াক আহসান বলেন, “গত ১৪ বছর ধরে আমরা অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আসছি। এরই ধারাবাহিকতায় এবার প্রান্তিক মানুষের আয় বৃদ্ধি ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে পোল্ট্রি খাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি দেশের বিত্তবান ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোকে সামাজিক ও উৎপাদনমুখী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক