স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ: রিজভী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ দুপুর
  • ১০৮০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে যারা দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও জনগণের অবদান অপরিসীম। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে রিজভী বলেন, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে রাজনীতি করে, তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

র‍্যালির কর্মসূচি সম্পর্কে তিনি জানান, নয়াপল্টন থেকে শুরু হওয়া র‍্যালিটি বিজয়নগর হয়ে বাঁ দিকে পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

এ ছাড়া যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া ও কামাল আনোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ও ডা. জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad