রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। নির্দেশনা অমান্য করে কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি করলে কিংবা ক্রয়-বিক্রয়ের সঠিক হিসাব সংরক্ষণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গত ১৭ নভেম্বর জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়েছে। এতে ফার্মেসি মালিক, ফার্মাসিস্ট ও সাধারণ জনগণের জন্য বেশ কিছু নির্দেশনা ও পরামর্শ তুলে ধরা হয়।
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করলে ব্যবস্থাডিজিডিএর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(২) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিকসহ কোনো ওষুধ ওভার দ্য কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে বিক্রি বা বিতরণ করা যাবে না।
ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের অ্যান্টিবায়োটিকের ক্রয়-বিক্রয়ের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে ওষুধ ক্রেতাকে বিক্রেতার স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। লাল লেবেলযুক্ত মোড়ক ছাড়া অ্যান্টিবায়োটিকের ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পূর্ণ কোর্স সম্পন্ন করার পরামর্শঅ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পূর্ণ কোর্স সম্পন্ন করার বিষয়ে সচেতন করতে ফার্মাসিস্টদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন না করলে জীবাণু ওষুধটির বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠতে পারে। এ ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
তাই সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা ও সেবন থেকে বিরত থাকতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে ডিজিডিএ।
মেয়াদ ও ক্যাশমেমো যাচাইয়ের নির্দেশনাঅ্যান্টিবায়োটিক কেনার সময় ওষুধের মোড়কে উল্লেখ করা মেয়াদ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পাশাপাশি বিক্রেতার স্বাক্ষর ও তারিখযুক্ত ক্যাশমেমো সংগ্রহ করতে বলা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি কিংবা সাধারণ ময়লা-আবর্জনার সঙ্গে না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ডিজিডিএর নির্দেশনায় বলা হয়েছে, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন নিশ্চিত করা জরুরি। ফার্মেসিতে যথাযথভাবে ওষুধ সংরক্ষণ, বিক্রির হিসাব রাখা এবং ক্রেতাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার মাধ্যমে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

প্রথম দর্পণ,ডেস্ক