প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে তাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে সরকার। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব সব সময় আমাকে আন্দোলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।’
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব।
এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন করা সম্ভব হয় না উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
মুক্তিযোদ্ধাদের অবদান জাতির গৌরবঅনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবার তাঁদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহিদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাঁরা সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
তিনি বলেন, ‘আপনাদের সবাইকে জানাই বীরোচিত অভিনন্দন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং বহু আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
শহিদদের প্রতি শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনাসশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এ দিনে মুক্তিযুদ্ধের সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের মাগফিরাত কামনা করেন।
এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্যসূত্র: নভেম্বর ২০২৬; বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক