সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও উপস্থিত ছিলেন।
শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাএর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাশ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে যান। সেখান থেকে হেঁটে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক