বিয়ে করে বেশি সন্তান নেওয়া, তাদের গির্জায় বড় করা এবং আমেরিকার প্রতি ভালোবাসা শেখানোর আহ্বান জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া তাঁর একটি পোস্ট ঘিরে পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, আরও বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’
পোস্টের সঙ্গে যুক্ত ছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট। সেখানে বলা হয়, এক গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।
লেভিটের বক্তব্যে মূলত বিয়ে, পরিবার গঠন, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তাঁর এই আহ্বানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশ করেছেন ব্যবহারকারীরা।
পরিবার ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বিতর্কলেভিটের সমর্থকদের কেউ কেউ তাঁর বক্তব্যকে পরিবার গঠন, ধর্মীয় বিশ্বাস ও দেশপ্রেমের প্রতি ইতিবাচক আহ্বান হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা ও ধর্মীয় বিশ্বাস অনুসরণের আহ্বান জানানো কতটা যৌক্তিক।
বিতর্কে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুর পরিচর্যার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়টিও। সমালোচকদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক পরিবারের পক্ষে বেশি সন্তান নেওয়া কঠিন হয়ে পড়েছে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র, ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেও অনেকে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দেন। অথচ এসব সুবিধার অভাবে পরিবারগুলো সন্তান নেওয়ার ক্ষেত্রে সংকটে পড়ছে।
আরেক ব্যবহারকারী সরাসরি লেভিটকে উদ্দেশ করে লেখেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’
ধর্মীয় স্বাধীনতা নিয়েও প্রশ্নলেভিটের পোস্টে সন্তানদের গির্জায় বড় করার আহ্বান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের মতে, শিশুরা বড় হওয়ার পর নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।
একজন ব্যবহারকারী বিষয়টিকে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা হিসেবে না দেখার আহ্বান জানান। তাঁর মতে, পশ্চিমা দেশগুলোর সংস্কৃতি ধরে রাখতে অভিবাসন সীমিত বা বন্ধ করা প্রয়োজন।
তবে লেভিটের পোস্টে অভিবাসন নিয়ে কোনো সরাসরি বক্তব্য ছিল না। তাঁর আহ্বান ছিল বিয়ে, বেশি সন্তান নেওয়া, ধর্মীয় পরিবেশে সন্তানদের বড় করা এবং তাদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলার বিষয়ে।
তথ্যসূত্র: এনডিটিভি

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক