ইরানে আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া ‘অনিবার্য’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেস। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরান কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তেহরান সামনে এগোনোর পথ হিসেবে আবারও পূর্ণমাত্রার সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।
ডেস রোচেস যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা এবং থায়ের মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক। তাঁর ভাষ্য, ইরানের হামলায় নিরপেক্ষ দেশের বেসামরিক জাহাজ আক্রান্ত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালাচ্ছে।
তিনি বলেন, এ অবস্থার মধ্যেও ইরানের হাতে ইসরাইল, মার্কিন সামরিক ঘাঁটি কিংবা কাতারের মতো যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন, এভাবে আর চলতে দেওয়া যায় না।
ইসরাইলের অবস্থান নিয়ে অনিশ্চয়তাডেস রোচেসের মতে, সংঘাতের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে সবচেয়ে বড় অনিশ্চয়তা ইসরাইলের অবস্থান। ইসরাইলি সরকার পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়। তবে দেশটিতে এমন ধারণা জোরালো যে, ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানোর প্রশ্নে সরকার আরও কঠোর অবস্থান নিতে পারে।
তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি যে দিকেই যাক, শেষ পর্যন্ত এক পক্ষ বা অন্য পক্ষ আবার সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
তথ্যসূত্র: ২১ নভেম্বর ২০২৬; আলজাজিরাকে দেওয়া ডেভিড ডেস রোচেসের সাক্ষাৎকার।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক