পুতিনের পাশে পারমাণবিক ব্রিফকেস, নতুন করে আলোচনায় ‘চেগেট’

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৪:২১ দুপুর
  • ৮৯২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের শেনজেনে এক নৌবাহিনী কর্মকর্তার হাতে কালো রঙের একটি ব্রিফকেস দেখা যাওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপকরণ ‘নিউক্লিয়ার ব্রিফকেস’ বা ‘চেগেট’। ধারণা করা হচ্ছে, এই ব্রিফকেসের মাধ্যমে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশনা পাঠানোর প্রক্রিয়া পরিচালিত হয়। তবে এটি সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কোনো যন্ত্র নয়।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিতে শেনজেনে পৌঁছান পুতিন। এ সময় তাঁর সঙ্গে থাকা এক নৌবাহিনী কর্মকর্তার হাতে কালো ব্রিফকেসটি দেখা যায়। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদক ইয়েভজেনি পপভ সেটিকে ‘নিউক্লিয়ার ব্রিফকেস’ বা ‘চেগেট’ হিসেবে পরিচয় করিয়ে দেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পারমাণবিক কমান্ড ব্যবস্থার সঙ্গে যুক্ত এ ধরনের ব্রিফকেস ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত। তবে শেনজেনে পুতিনের সঙ্গে এমন ব্রিফকেস দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত ব্রিফকেস সেখানে ছিল না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ ধরনের কোনো ব্রিফকেস বহন করা হয় কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

কী এই পারমাণবিক ব্রিফকেস

পারমাণবিক ব্রিফকেস মূলত রাষ্ট্রপ্রধানের সঙ্গে সামরিক কমান্ড ব্যবস্থার নিরাপদ যোগাযোগের একটি মাধ্যম। এর সাহায্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ পাঠানোর প্রক্রিয়া শুরু করা যায়। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নে এ ধরনের ব্যবস্থা গড়ে ওঠে।

তবে প্রচলিত সিনেমার মতো একটি বোতাম চাপলেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়—বিষয়টি এমন নয়। এর সঙ্গে যুক্ত থাকে সামরিক কর্মকর্তা, নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং বিস্তৃত কমান্ড নেটওয়ার্ক।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক ব্রিফকেসের ইতিহাস ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটেরও আগের। প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ারের প্রশাসনের সময় এ ব্যবস্থার সূচনা হয়। মার্কিন প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ের জন্য বিশেষ কোড থাকে ‘বিস্কুট’ নামে পরিচিত একটি কার্ডে। দেশটির ব্যবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার একক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে।

অন্যদিকে, রাশিয়ার ‘চেগেট’ ব্যবস্থা ১৯৮৩ সালে সোভিয়েত সামরিক বাহিনীতে যুক্ত হয়। এটি ‘কাজবেক’ নামের একটি বৃহত্তর সামরিক কমান্ড নেটওয়ার্কের অংশ। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশনা সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব। তবে ব্রিফকেসটি নিজে থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে না।

ধারণা করা হয়, রাশিয়ার কাছে এ ধরনের তিনটি ব্রিফকেস রয়েছে।

কেন পুতিনের সঙ্গে রাখা হয়

রাষ্ট্রপ্রধান যেখানেই অবস্থান করুন না কেন, জরুরি পরিস্থিতিতে যেন দ্রুত পারমাণবিক কমান্ড ব্যবস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের ব্রিফকেস সঙ্গে রাখা হয়। সম্ভাব্য হামলা কিংবা পাল্টা হামলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়ার সক্ষমতা বজায় রাখাও এর উদ্দেশ্য।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ব্যবস্থা শুধু সামরিক সক্ষমতার অংশ নয়, প্রতিপক্ষের কাছে কৌশলগত বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে।

ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন মাবনের মতে, শেনজেনে পুতিনের সঙ্গে পারমাণবিক ব্রিফকেস বহনের বিষয়টি এক ধরনের রাজনৈতিক প্রদর্শনও হতে পারে। এর মাধ্যমে বিশ্বমঞ্চে রাশিয়া যে এখনো একটি বড় সামরিক শক্তি, সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বিশ্বে বর্তমানে নয়টি দেশকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক কমান্ড ব্যবস্থা সম্পর্কে তুলনামূলকভাবে বেশি তথ্য জানা যায়। অন্য দেশগুলোর পারমাণবিক অস্ত্র ব্যবহারের কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের নিয়ম সম্পর্কে কিছু তথ্য থাকলেও এ ধরনের ব্রিফকেস ব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য খুবই সীমিত।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad