রোহিঙ্গা গণহত্যার রায়ে চাপে নেতানিয়াহু, গাজা মামলায় নতুন আইনি নজির

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ দুপুর
  • ১০০৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মিয়ানমারের সেনাবাহিনীকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় নতুন করে চাপে ফেলেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। রোহিঙ্গা গণহত্যার মামলায় আদালতের গুরুত্বপূর্ণ আইনি পর্যবেক্ষণ গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে চলমান গণহত্যার অভিযোগের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে ১৯১ পৃষ্ঠার রায় ঘোষণা করেন আইসিজে। আদালত ৯-৬ ভোটে সিদ্ধান্ত দেন, গণহত্যার উদ্দেশ্য প্রমাণের জন্য সরাসরি লিখিত নির্দেশনা বা দলিল থাকা অপরিহার্য নয়। বিভিন্ন ঘটনার পারিপার্শ্বিক ও পরিস্থিতিগত প্রমাণ বিশ্লেষণ করেও এ ধরনের উদ্দেশ্য প্রতিষ্ঠা করা সম্ভব।

পরিস্থিতিগত প্রমাণেও গণহত্যার উদ্দেশ্য প্রমাণ

আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কোনো জাতিগত, ধর্মীয় বা জাতীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তা প্রমাণ করা।

এতদিন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি অংশ মনে করতেন, সরাসরি লিখিত প্রমাণ ছাড়া এ ধরনের উদ্দেশ্য প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। তবে আইসিজের নতুন রায়ে পরিস্থিতিগত প্রমাণের গুরুত্ব স্বীকৃতি পেয়েছে। আদালতের এই অবস্থান ভবিষ্যতে গণহত্যাসংক্রান্ত মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নের ধারাবাহিকতা

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে প্রাণহানি, ব্যাপক বাস্তুচ্যুতি, ধর্ষণ, শিশুদের ওপর সহিংসতা এবং গ্রাম ধ্বংসের মতো ঘটনা ঘটে। অভিযানে প্রায় ১ দশমিক ২ শতাংশ রোহিঙ্গা নিহত এবং সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনী এসব অভিযানকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম হিসেবে তুলে ধরলেও আদালত সেই ব্যাখ্যা গ্রহণ করেননি। বরং রোহিঙ্গাদের দীর্ঘদিনের অধিকার হরণ, বিদ্বেষমূলক বক্তব্য এবং সহিংসতার বিভিন্ন ঘটনা একসঙ্গে পর্যালোচনা করে গণহত্যার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত দেন।

গাজা মামলায় বাড়তে পারে আইনি চাপ

রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ইসরাইলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এ মামলায় তৃতীয় একটি রাষ্ট্র হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে প্রমাণ হিসেবে বিবেচনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকাও আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে। ফলে রোহিঙ্গা মামলার আইনি পর্যবেক্ষণ গাজা মামলার বিচারিক আলোচনায় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কোনো জনগোষ্ঠীর একটি অংশ সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত থাকলেও পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচার বা ব্যাপক সহিংসতা চালানোর বিষয়টি গণহত্যার অভিযোগ থেকে দায়মুক্তির স্বয়ংক্রিয় ভিত্তি হতে পারে না। এ পর্যবেক্ষণ ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের যুক্তিকে জটিল করে তুলতে পারে।

চূড়ান্ত নিষ্পত্তিতে লাগতে পারে এক দশক

আইসিজের রায়কে চূড়ান্ত ও আপিল অযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিচারব্যবস্থার এখতিয়ার নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, নেতানিয়াহু কিংবা তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট—কারও জন্যই রোহিঙ্গা গণহত্যার এই রায় স্বস্তির কারণ নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা আইসিজের রায়কে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, এই রায় নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরিতে ভূমিকা রাখবে।

তবে গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে আরও এক দশক কিংবা তার বেশি সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad