ইউএনওর বদলির আদেশ বাতিলের দাবিতে মহাসড়কে মানববন্ধন, ১০ কিলোমিটার যানজট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ দুপুর
  • ৭৯৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার কর্মসূচি চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হলে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় ‘উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর সরকারি আদেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন আলী সুজা। দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা কার্যক্রমে ভূমিকা রাখেন তিনি। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের কাছে আস্থাভাজন হয়ে ওঠেন ইউএনও।

মানববন্ধনে অংশ নেওয়া দিনমজুর রুবেল খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। ওই সময় ইউএনও আলী সুজা তাঁর পরিবারের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা করেন। তাঁর সহযোগিতায় সুস্থ হয়ে উঠতে পেরেছেন বলেও জানান রুবেল।

নাম প্রকাশ না করার শর্তে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, সরকারি কর্মকর্তা হয়েও আলী সুজা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও অবহেলিত মানুষের খোঁজখবর নিয়েছেন। তাঁদের পুনর্বাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। তাঁর বদলির খবরে স্থানীয়রা মর্মাহত হয়েছেন। উজিরপুরে আরও কিছুদিন তাঁকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।

স্থানীয় সূত্র আরও জানায়, জাতীয় নির্বাচনের পর সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করেও দলীয় নেতাকর্মীদের প্রশংসা পেয়েছেন ইউএনও আলী সুজা।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে উজিরপুরের ইউএনও আলী সুজাকে পটুয়াখালী সদর উপজেলায় বদলি করা হয়। একই আদেশে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মেহেন্দীগঞ্জের ইউএনও রিয়াজুর রহমানকে উজিরপুরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad