এক মাঠে ৫২ জাতের ধান, কৃষকের জন্য ‘জীবন্ত পাঠশালা’ দিনাজপুরের প্রযুক্তিগ্রাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ দুপুর
  • ৬৫৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

একই মাঠে পাশাপাশি চাষ করা হয়েছে ৫২ জাতের ধান। প্রতিটি জাতের সামনে রয়েছে ফলন, জীবনকাল ও বৈশিষ্ট্যের তথ্যসংবলিত সাইনবোর্ড। মাঠে দাঁড়িয়েই কৃষকরা তুলনা করতে পারছেন কোন জাতের ধান তাঁদের জমি ও পরিবেশের জন্য বেশি উপযোগী। দিনাজপুর সদর উপজেলার হুগলীপাড়া গ্রামের এই ব্যতিক্রমী উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘রাইস গার্ডেন’।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়েছে এ রাইস গার্ডেন। প্রকল্পের মাধ্যমে হুগলীপাড়া গ্রামকে ‘প্রযুক্তিগ্রাম’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে নতুন জাতের ধান চাষ ও আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়ছে।

এক মাঠেই ৫২ জাতের ধানের প্রদর্শনী

দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলীপাড়া গ্রামটি দুই বছর আগেও ছিল সাধারণ একটি গ্রাম। ব্রির এলএসটিডি প্রকল্পের আওতায় গ্রামটিতে আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এটি স্থানীয়ভাবে প্রযুক্তিগ্রাম হিসেবে পরিচিত।

সরেজমিনে দেখা যায়, রাইস গার্ডেনে ব্রি উদ্ভাবিত ৫২ জাতের ধান পাশাপাশি চাষ করা হয়েছে। প্রতিটি প্লটের সামনে সংশ্লিষ্ট জাতের জীবনকাল, ফলন ও বৈশিষ্ট্য উল্লেখ করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। ফলে কৃষকরা বিভিন্ন জাতের ধানের গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন ও রোগবালাই সহনশীলতার পার্থক্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন।

এ উদ্যোগের ফলে কৃষকদের নিজস্ব জমি ও পরিবেশের উপযোগী জাত নির্বাচন সহজ হচ্ছে। পাশাপাশি ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল জাত, উন্নত বীজ, জমি তৈরির আধুনিক কৌশল এবং চাষাবাদের বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শেখানো হচ্ছে।

নতুন জাত চাষে আগ্রহী কৃষকরা

স্থানীয় কৃষক আব্দুল কাদের বলেন, দেশে এত জাতের ধান রয়েছে, তা আগে তাঁদের জানা ছিল না। রাইস গার্ডেন দেখে কোন জাতের ধানে কেমন ফলন হয়, তা বাস্তবে বোঝা যাচ্ছে। আগামী মৌসুমে এখান থেকে পছন্দের জাত বেছে নিয়ে চাষ করবেন।

আরেক কৃষক আবু সাঈদ বলেন, আগে প্রতিবছর একই জমিতে জিরা-৩৪ ও কাটারি ধান চাষ করতেন। এখন বুঝতে পারছেন, একই জাত বারবার চাষ করলে রোগবালাই বাড়তে পারে এবং ফলন কমে যেতে পারে। তাই আগামীতে ব্রির নতুন জাতের ধান আবাদ করার পরিকল্পনা করছেন।

ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান বলেন, এ প্রকল্পের মাধ্যমে ব্রি উদ্ভাবিত নতুন জাত ও আধুনিক প্রযুক্তি সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।

দেশের ১৫ গ্রামে মডেল প্রযুক্তিগ্রাম

এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. আনোয়ার হোসেন জানান, সারা দেশের ১৫টি গ্রামকে মডেল প্রযুক্তিগ্রাম হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ব্রি ধান-১১৬, ব্রি ধান-১১৭, ব্রি ধান-১১৯ এবং ব্রি হাইব্রিড ধান-১০ অবমুক্ত করা হয়েছে। এসব জাত দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র:, ১৭ নভেম্বর ২০২৬; মাহবুবুল হক খান, দিনাজপুরের প্রতিবেদন এবং ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় কৃষকদের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad