মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। হাতির পাল লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বনের ভেতর থেকে সাত সদস্যের হাতির একটি পাল লোকালয়ে প্রবেশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ। পরে তাঁর নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইআরটি সদস্যরা সম্মিলিতভাবে হাতিগুলোকে লোকালয় থেকে সরিয়ে বনের দিকে ফেরানোর উদ্যোগ নেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই হাতির পালটিকে বনে ফেরত পাঠানো সম্ভব হয়।
থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, লোকালয়ে হাতির পাল প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। বন বিভাগের সহকর্মী ও ইআরটি সদস্যদের নিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন্য হাতি তাদের স্বাভাবিক বিচরণক্ষেত্রের অংশ হিসেবে কখনো কখনো লোকালয়ে চলে আসে। এ সময় আতঙ্কিত হয়ে হাতির কাছাকাছি যাওয়া বা তাদের উত্ত্যক্ত করা বিপজ্জনক। লোকালয়ে হাতি প্রবেশ করলে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখা জরুরি। হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে বন বিভাগ সতর্ক রয়েছে

প্রথম দর্পণ,ডেস্ক