মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) বিভিন্ন টার্মিনালে এ কর্মবিরতি পালন করা হয়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ তাদের বেতন ও অন্যান্য আর্থিক পাওনা পরিশোধ করছে না। পাওনা পরিশোধের জন্য একাধিকবার দাবি জানানো এবং কর্তৃপক্ষকে আলটিমেটাম দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে নেমেছেন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধ।
সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে। কর্মবিরতির কারণে জাহাজগুলো থেকে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আরেক শ্রমিক সোহেল জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে। তবে বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে না আসা পর্যন্ত কোনো আলোচনায় বসবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা।
শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত কর্মবিরতির মতো কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।
এদিকে শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সাতটি বার্থে সাতটি জাহাজ অবস্থান করায় পণ্য খালাস ও পরিবহনে বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক