মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা এ শ্রদ্ধা জানান।
বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও অধিকারহারা মানুষের কণ্ঠস্বর। মজলুম মানুষের পক্ষে আপসহীন অবস্থানই ছিল তাঁর জীবন ও রাজনীতির মূল প্রেরণা। তিনি নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, ক্ষমতা কিংবা প্রভাবশালী মহলের স্বার্থের চেয়ে সাধারণ মানুষের অধিকারকে প্রাধান্য দেওয়ার কারণেই ভাসানী অনন্য উচ্চতায় পৌঁছেছেন। বর্তমান সমাজেও বৈষম্য, শোষণ ও বঞ্চনার বাস্তবতা থাকায় তাঁর আদর্শ ও আপসহীন অবস্থান নতুন করে উপলব্ধি করা জরুরি।
সংগঠনটির সদস্য সচিব মাওলানা ইনজিমামুল ইসলাম বলেন, মওলানা ভাসানীর বর্ণাঢ্য জীবন থেকে শিক্ষা নিতে হবে যে রাজনীতি মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। তাঁর সংগ্রামী জীবন, সাহসী উচ্চারণ এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিবৃতির শেষাংশে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতারা মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণ করে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তথ্যসূত্র: ১৭ নভেম্বর ২০২৬; ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতি।

প্রথম দর্পণ,ডেস্ক