১৪ ডিসেম্বর থেকে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মূল অ্যাকাউন্ট থাকবে অক্ষত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ দুপুর
  • ১১৩৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে তৈরি সব অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ইতোমধ্যে নতুন করে অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগও বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। তবে এ সিদ্ধান্তে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইলের কোনো প্রভাব পড়বে না।

মেটার সিদ্ধান্ত অনুযায়ী, এত দিন একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ব্যক্তিগত আগ্রহ, পছন্দ কিংবা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহারকারীরা এসব প্রোফাইল ব্যবহার করতেন। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, নিউজ ফিড এবং বিভিন্ন গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধাও ছিল।

অতিরিক্ত প্রোফাইলগুলো মূল প্রোফাইল থেকে আলাদা পরিচয়ে পরিচালিত হলেও একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকত। ফলে একটি লগইন তথ্য ব্যবহার করেই একাধিক প্রোফাইলে প্রবেশ করা যেত। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল মুছে যাবে। পৃথক মেটা অ্যাকাউন্টের অধীনে পরিচালিত প্রোফাইল এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।

মেটার ব্যাখ্যা অনুযায়ী, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেগুলোর সঙ্গে মূল প্রোফাইলের সম্পর্ক শনাক্ত করা সম্ভব। একই নাম বা ছবি ব্যবহার, একই ব্যক্তিদের বন্ধু হিসেবে যুক্ত করা, একই গ্রুপে যোগ দেওয়া, একই পেজ অনুসরণ কিংবা একই পোস্টে প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে প্রোফাইলগুলোর যোগসূত্র বোঝা যেতে পারে।

এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলে ব্যবহারকারীর কার্যক্রমের তথ্য বিশ্লেষণ করে মেটা বিভিন্ন সেবায় পছন্দ অনুযায়ী বিষয়বস্তু ও বিজ্ঞাপন প্রদর্শন করে। এক প্রোফাইলের কার্যক্রমের ভিত্তিতে অন্য প্রোফাইলেও বন্ধু, গ্রুপ, পেজ ও বিভিন্ন বিষয়বস্তুর সুপারিশ করা হতে পারে।

অতিরিক্ত প্রোফাইল ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও বিজ্ঞপ্তি নিয়ন্ত্রণের আলাদা সুবিধাও ছিল। ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারতেন কারা তাঁদের পোস্ট দেখতে পারবেন, বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারবেন কিংবা প্রোফাইলে ট্যাগ করতে পারবেন। এমনকি একটি প্রোফাইল থেকে কাউকে ব্লক করলেও অন্য প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে সেই ব্লক কার্যকর হতো না।

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহারের কারণে মূল প্রোফাইলও অন্যদের কাছে সুপারিশ করা হতে পারে। ফোন নম্বর বা ই-মেইল ঠিকানার মাধ্যমে প্রোফাইল খুঁজে পাওয়ার অনুমতি চালু থাকলে অন্যরা মূল অ্যাকাউন্ট শনাক্ত করতে পারেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম একই মেটা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেও এ ধরনের সুপারিশের সুযোগ থাকতে পারে।

এদিকে, মেটা ধাপে ধাপে ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট ব্যবস্থায় স্থানান্তর করছে। এ কারণে কারও অ্যাকাউন্টে ‘অ্যাকাউন্টস সেন্টার’, আবার কারও ক্ষেত্রে ‘মেটা অ্যাকাউন্ট সেটিংস’ অপশন দেখা যেতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বৈধ আইনি অনুরোধের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা হতে পারে। এ ক্ষেত্রে অতিরিক্ত প্রোফাইলের তথ্যও আইনগত প্রক্রিয়া ও মেটার গোপনীয়তা নীতি অনুসরণ করে দেওয়া হতে পারে।

তথ্যসূত্র: মেটার দেওয়া তথ্য ও নীতিমালা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad